বড়লেখা প্রতিনিধি: | ১১ আগস্ট, ২০২২
মৌলভীবাজারের বড়লেখায় দাসের বাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসেম আলীকে সম্মাননা দেওয়া হয়েছে।
গেল বন্যায় দাসের বাজার উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রিত পরিবারের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠদান করানোয় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
‘সেতু বন্ধন’’- এর শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
গত মঙ্গলবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বন্ধনের আহ্বায়ক শাহবাজপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মাসুদ রানা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, নারী শিক্ষা একাডেমি স্কুলের সহকারী শিক্ষক মো. পলাশ মিয়া প্রমুখ, বোবারথল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। এসময় সেতু বন্ধনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যায় আশ্রয়কেন্দ্রে আশ্রিত পরিবারের স্কুল এবং কলেজপড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়া যাতে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য গত ২২ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রাথমিক থেকে দশম শ্রেণির ২৪ জন শিক্ষার্থীকে পাঠদান করান বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও তার সহযোগী সহকারী শিক্ষক মো. হাসেম আলী। এই সময় তারা শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা, কলমও কিনে দেন। আশ্রয়কেন্দ্রে আশ্রিত পরিবারগুলোর বাড়ি-ঘর থেকে বন্যার পানি নেমে গেলে তারা (শিক্ষকগন) শিক্ষার্থীর আনুষ্ঠানিকভাবে বিদায় দেন এবং তাদের হাতে খাতা-কলম তুলে দেন।