নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারী, ২০১৫
সিলেটের ওসমানীনগরে বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন,ওসমানী নগরের বুরুঙ্গা গ্রামের আজর আলী ও ঈশাগ্রাই গ্রামের সাইস্তা মিয়া।
ওসমানীনগর থানার ওসি মোরসালিন আহমদ জানান, বেলা পৌণে ২ টার দিকে বুরুঙ্গা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এসময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আজর আলী ও সাইস্তা মিয়া মারা যান।
এঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।