Sylhet Today 24 PRINT

সরকারের নজর নেই তাই এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমেই রাস্তা সংস্কার

এস আলম সুমন, জুড়ী থেকে ফিরে |  ২১ ডিসেম্বর, ২০১৫

কোদাল দিয়ে মাটি কেটে টুকরিতে ভরাট করে আবার মাথায় করে নিয়ে এসব টুকরি থেকে মাটি রাস্তার খানাখন্দ অংশে মাটি ফেলা হচ্ছে। এভাবেই জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামে প্রায় ১০দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা জানায়, জুড়ী-কুলাউড়া সড়কের কণ্ঠিনালা নদীর ওপর স্থাপিত সেতুর পূর্ব পাড় থেকে নদীর রাবার বাঁধ এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা আছে। পূর্ব বেলাগাঁওয়ে প্রায় চার সহস্রাধীক মানুষের বসবাস। উপজেলা সদরের সঙ্গে গ্রামের লোকজনের যোগাযোগের একমাত্র রাস্তা এটিই। শীত মৌসুমে অনেক পর্যটক এ রাস্তা দিয়ে হাকালুকি হাওরে পাখি দেখতে যান। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কণ্ঠিনালার পানি ফুলে ফেঁপে উঠে রাস্তাটি তলিয়ে যায়। তখন চলাচলের ভরসা নৌকা। পানি নেমে গেলে শুরু হয় ভাঙন। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার হচ্ছে না। রাস্তাটি সংস্কারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু, এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি ‘সম্ভাবনার বেলাগাঁও যুব ও সমাজকল্যাণ পরিষদ’ নামের গ্রামের একটি সামাজিক সংগঠন রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। এ ব্যাপারে সংগঠনের সদস্যরা গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের প্রস্তাব দেওয়া হলে গ্রামবাসী তাতে সম্মত হয়। গত ১১ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়।

সরেজমিনে গত ১৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় গিয়ে দেখা যায়, রাস্তার অধিকাংশ স্থান মাটিভরাট করে দুই-তিন ফুট উঁচু করা হয়ে গেছে। কিছু কিছু স্থানে ১০-১৫ জন মিলে মাটি ফেলছেন।
ছবি তোলার সময় পরিচয় না পেয়ে রাস্তা সংস্কারে অংশ নেওয়া গ্রামের বাসিন্দা রিকশাচালক জালাল আহমদ বাধাঁ দিয়ে বলেন, ‘ছবি তুইলেন না। ছবি তুইলা তো বড় বড় অফিসাররে নিয়া এইটারে প্রজেক্টের কাম হিসেবে দেখাইবেন। সরকার কিন্তু এক টাকাও দিছে না। আমরাই রাস্তার কাম করতাছি’।

উদ্যোক্তা সংগঠনের সভাপতি আফজল হোসেন বললেন, পূর্ব বেলাগাঁওয়ের বেশিরভাগ লোকজনই খেটে খায়। বেহাল রাস্তার কারণে মানুষের দুর্ভোগের শেষ নেই। এ অবস্থায় গ্রামবাসী মিলে স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছে। প্রতিদিন সকালে ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা কাজ চলে। সাত-আট দিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, ‘সীমিত বরাদ্দ থাকায় এ রাস্তাটির কাজ করানো যায়নি। তবে আগামীতে এ ব্যাপারে উদ্যোগ নেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.