Sylhet Today 24 PRINT

ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ অনেকদূর এগিয়ে যাবে : কাজী খলীকুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, আমাদের দেশের শিশুদের বড় একটা অংশ শিক্ষা, স্ব্যাস্থসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা আজও মানবেতর জীবন যাপন করছে। সমাজের এসকল অবহেলিত, সুবিধা বঞ্চিত দরিদ্র শিশুদের অধিকার রক্ষায় আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ অনেকদূর এগিয়ে যাবে।

যমযম বাংলাদেশ আয়োজিত শিশু শিক্ষা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

রবিবার নগরীর উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ শিশু শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।

যমযম চ্যারিটেবল ট্রাস্ট এর চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন যমযম বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও যমযম চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি মো. আব্দুল মুয়িজ চৌধুরী প্রমুখ।

শিক্ষা মেলায় ৮০টি শিক্ষা কেন্দ্রের প্রায় সাড়ে ৩ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। এছাড়াও অনুষ্টানে অতিথি হিসেবে সরকারী উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ড. কাজী খলীকুজ্জামান আহমদ আরো বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রনেতা ও সফল ব্যক্তিত্বরা দরিদ্র সমাজ থেকেই উঠে এসেছেন। আমরা যদি বস্তির শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করি তবে তারাও একদিন সমাজ ও দেশের কাজে আসবে। যমযম চ্যারিটেবল ট্রাস্ট বস্তির শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। এটাকে আরো সম্প্রসারিত করতে আমরা সাহায্য করবো।

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা সঙ্গীত, শিক্ষামূলক নাটক পরিবেশন করেন। এছাড়াও স্টলগুলোতে যমযম এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.