Sylhet Today 24 PRINT

প্রতিভাবান উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন সিলেটের আবুল মিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

বণিক বার্তা-বিআইডিএস প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন সিলেটের মো. আবুল মিয়া। দেশীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের জন্য মেসার্স আবুল ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী এই সম্মাননায় ভূষিত হন।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আবুল মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্ঠা মশিউর রহমান। সম্মাননা স্মারক তুলে দেয়ার আগে তার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মো. আবুল মিয়া বলেন, কৃষিকে আরো এগিয়ে নেয়া যায় কীভাবে, সে জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছি। কারণ বিদেশী যেসব প্রযুক্তি কৃষিতে ব্যবহার করা হয়, সে সম্পর্কে বাংলাদেশের কৃষকরা অবহিত নন। তাই তাদের জন্য লাগসই দেশীয় প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে যাচ্ছি। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরো নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবন ও সরবরাহ করা সম্ভব।

এ অনুষ্ঠানে আবুল মিয়া ছাড়াও রাঙ্গামাটির উদ্যোক্তা বিপ্লব চাকমাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ড. সালেহউদ্দিন আহমেদকে। এই দুই অর্থনীতিবিদকে উত্তরীয় পরিয়ে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও বিআইডিএস’র মহাপরিচলক ড. কে এ এস মুরশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধনার জন্য নির্বাচিত সাবেক দুই গভর্নর সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, শীর্ষ আমলা, রাজনীতিক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা, লেখক, গবেষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে কয়েক বছর ধরে ‘অর্থনীতিবিদ সংবর্ধনা ও প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা’ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর সিলেটের দক্ষিণ সুরমার উদ্যোক্তা আবুল মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.