Sylhet Today 24 PRINT

দেশে প্রত্যাশার চেয়ে বেশি উন্নয়ন করেছে আ.লীগ: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি: |  ১৮ আগস্ট, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কয়েক বছরে দেশে প্রত্যাশার চেয়ে বেশি উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ও বিধবা ভাতাসহ সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে। মোড়লদের যুদ্ধের কারণে এখন একটু সমস্যা হচ্ছে। তবে তা মাসখানেকের মধ্যে কেটে যাবে। সব ঠিক হয়ে যাবে।’

বৃহস্পতিবার মন্ত্রী তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর সদরে নিজস্ব অর্থায়নে দরিদ্রের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। সরকার ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা ও সমস্যা সমাধানের চেষ্টা করছে। এসব নিয়ে বিএনপি সমালোচনা করছে। অথচ তারা ক্ষমতায় থাকাকালে শুধু লুটপাট করেছে।’

উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।

এর আগে মন্ত্রী শ্রীরামসি সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বন্যাকবলিত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। এ ছাড়া তিনি আনসার-ভিডিপির ব্যারাক উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.