Sylhet Today 24 PRINT

ছাতক পৌরসভার নামে টোল আদায় বন্ধে ১৭ ঘন্টা পরিবহন ধর্মঘট

ছাতক প্রতিনিধি: |  ১৮ আগস্ট, ২০২২

ছাতক পৌরসভার নামে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাস্তায় টোল আদায় করায় বুধবার রাত ১২টা থেকে ধর্মঘটে যায় ছাতক ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বৃহস্পতিবার সকালে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ সভাপতি এমাদ উদ্দিনের সভাপতিত্বে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করে।

এরপর থেকে পৌর সভার ভেতরে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান ঢুকতে এবং বের হতে দেয়নি দুই সংগঠনের লোকজন।

এতে শহরের অদুরে ছাতক-সিলেট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুইপাশে শত-শত খালি এবং পণ্যবাহী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, লরি আটকা পড়ে। সড়ক দিয়ে যাত্রীবাহী যান ও জরুরী পণ্যবাহী যানবাহন চলাচল করলেও চরম দুর্ভোগে পড়েন মানুষ। সড়কে আকিজ প্লাস্টিক, সিমেন্ট ফ্যাক্টরি, লাফার্জ-হোলসিম ও নিটোল কার্টিজ মিলের বেশ কয়েকটি ট্রাক ও লরি আটকা পড়ে।

পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন ও পুলিশের হস্তক্ষেপে আদালতের প্রতি সন্মান প্রদর্শন করে বিকেল ৫টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মালিক ও শ্রমিক সংগঠনের রিপন মিয়া তালুকদার, মিন্টু ঘোষসহ নেতৃবৃন্দ।

জানা গেছে, ছাতক পৌরসভার নামে সওজের সড়কে একটি স্থানে দীর্ঘদিন ধরে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান থেকে টোল আদায় করা হচ্ছে। টোল আদায় বন্দের দাবিতে একাধিক বার আন্দোলন করেছে ট্রাক মালিক ও শ্রমিক সমিতি। এ ব্যাপারে উচ্চ আদালতে একটি রীট আবেদন ও ( নম্বর ৪৬৪০) করেছেন ট্রাক-পিকআপ-কাভার্ড-ভ্যান মালিক সমিতির রিপন মিয়া তালুকদার। এ প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ২১ এপ্রিল পৌরসভার নামে টোল আদায় বন্ধ করতে ৬ মাসের নিষেধাঞ্জার আদেশ প্রদান করেন।

পৌর কর্তৃপক্ষ উচ্চ আদালতের আদেশ অমান্য করে টোল আদায় করতে থাকলে গত ২ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনের নেতৃত্বে পুলিশ টোল আদায়ের ঘরসহ তাদেরকে উচ্ছেদ করে দেয়। কিছুদিন ওই স্থানে টোল আদায় বন্ধ রাখা হয়। গত বুধবার থেকে আবারও টোল আদায় শুরু করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানিয়েছেন, আব্দুস সালাম নামের ইজারাদার পক্ষ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন থেকে ৮ সপ্তাহের স্থগিতাদেশ নিয়েছেন।

এদিকে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি আনিসুর রহমান রহমান চৌধুরী সুমন জানান, বিষয়টি পৌরসভার। এখানে ইজারাদার পক্ষের কোন বিষয় নয়। তারা আদালতকে ভুল বুঝিয়ে টোল আদায় শুরু করেছে।

ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন জানান, সড়ক ও জনপথের রাস্তায় পৌরসভার টোল আদায় অবৈধ। এভাবে দেশের আর কোনো পৌরসভায় টোল আদায় করা হয় না। এ জন্য তারা অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

দিনব্যাপী আন্দোলনে ছিলেন- ছাতক ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ সভাপতি এমাদ উদ্দিন, মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি আনিছুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম মাসুদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির সভাপতি মিন্টু ঘোষ, সহ সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আবির আহমদ অভি, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ, ফখর মিয়া, হাবিবুর রহমান, হান্নান মিয়া, ফুল মিয়া, হোসেন আহমদ, শাহীন মিয়া, মোবারক আলী, আলী আহমদ, তারেক মিয়া, সেলিম মিয়া, মখলিছ আলী, মাজেদুল আলম নয়ন, কামরান হোসেন প্রমুখ।

এসময় মালিক ও শ্রমিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.