সিলেটটুডে ডেস্ক | ২০ আগস্ট, ২০২২
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা।
শনিবার (২০ আগস্ট) দুপুরের দিকে সড়কটি অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল থেকে সিলেট তামাবিল সড়কের খাদিম এলাকায় অবস্থান নেন চা শ্রমিকরা।
এর আগে গত শনিবার (১৩ আগস্ট) থেকে মজুরি বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক কর্তৃপক্ষ, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের দুই দফা বৈঠকের পরও দাবি পূরণ না হওয়ায় ধর্মঘট অব্যাহত রেখেছেন তারা।
এদিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। ধর্মঘটের কারণে বাগানে চা-পাতা তোলা বন্ধ থাকায় চা উৎপাদনও বন্ধ রয়েছে।
হযরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছে।’