Sylhet Today 24 PRINT

বাংলাদেশ অনেক সংগ্রাম করে এ পর্যায়ে এসেছে: পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ একদিনে তৈরি হয় নি। অনেক স্ট্রাগল (সংগ্রাম) করে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। আত্মত্যাগী মানুষের রক্তের দামে কেনা আমাদের এই দেশ। আমরা নির্যাতিত হয়েছিলাম কিন্তু আমরা কাউকে নির্যাতন করবো না। স্বাধীন দেশে বসবাস করছি আমরা। বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানান গোষ্ঠীর মানুষ বসবাস করে। আমরা কেউই আলাদা নই, জাতিগতভাবে আমরা সবাই এক।

শনিবার (২০ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ২য় ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে পরিচিত সভা ও শিক্ষার্থীদের মধ্যে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা এ প্রজন্মের, এজন্য মনে রাখবে পরিবর্তন হচ্ছে নিত্য এবং সর্বত্র। এখানেও পরিবর্তন হচ্ছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। ইতিমধ্যে উপাচার্য যোগদান করেছেন। এছাড়া সুনামগঞ্জ টেক্সটাইল কাজ চলমান, আমাদের এখানে বিটাক হবে, আমার মরহুম মায়ের নামে আমার পৈতৃক ভিটায় একটা ভোকেশনাল হবে, এখানে ম্যাটস হবে। এই এলাকার ওয়ান স্কয়ার কিলোমিটার জায়গা শিক্ষা স্থাপনায় ভরে যাবে।

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, তোমাদের যেকোনো সমস্যা, ফিজিক্যালি, মেন্টালি ও ইমোশনালি, তোমরা তোমাদের স্যারদের সাথে শেয়ার করবে। মানসিক সাফার থাকবে, তারপরও এগিয়ে যেতে হবে। শিক্ষক-শিক্ষিকার সাপোর্ট নেবে। আমরা চাই তোমাদের মঙ্গল। আমাদের মেডিকেল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মনের মধ্যে এখন ঘুরছে সুনামগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রীর আমার প্রতি আস্থা আছে। তিনি খুব বিশ্বাস করেন আমাকে। আমি যেটা তাঁর কাছে নিয়ে যাই সেটা পাই। উন্নয়নে সবাইকে এক থাকতে হবে, মানুষের জন্য কাজ করার মনমানসিকতা থাকতে হবে। আর সহজ সরল পথে চলবে। সকল গ্রন্থেই বলা আছে সহজ সরল পথে চলার কথা। এতে মানুষের মঙ্গল হয়।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে ও ডা. শিবলী জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মো. আহমদ হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।

এ সময় পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, এসিল্যান্ড সকিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদারসহ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.