Sylhet Today 24 PRINT

‘রুটি-রুজির সংগ্রাম’ চালিয়ে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২২

রুটি-রুজির সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মৌলভীবাজারের চা শ্রমিক নেতারা। একইসাথে কর্মবিরতিসহ বিভ্ন্নি কর্মসূচিও চালিয়ে যাবেন বলে জানান তারা। রোববার (২১ আগস্ট) দুপুরে আন্দোলন চলাকালে এমনটাই জানিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা।

রাজনগর উপজেলার নারী চা শ্রমিক বলেন, ‘আমরা রুটি-রুজির সংগ্রাম চালিয়ে যাবো। দ্রব‍্যমূল্যের সঙ্গে মিল রেখে সম্মানজনক মজুরি আমাদের দিতেই হবে।’

শ্রীমঙ্গল বালিসিড়া ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, ‘১৪৫ টাকা মজুরির বিষয়টি নিয়ে যখন ভ্যালির সব নেতাদের সঙ্গে আলাপ করি তখন তারা এ চুক্তি প্রত্যাখ্যান করেন। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক নিপেন পালকে জানাই। তিনি শ্রমিক নেতাদের সঙ্গে একমত হয়ে আবার ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনেক বাগানের শ্রমিকরা মাঠে না নামতেও পারে।’

মৌলভীবাজার কুলাউড়া লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘চা শ্রমিক ইউনিয়নের সব ভ্যালির সঙ্গে যোগাযোগ হয়েছে। সবাই আমাদের সবাই একমত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।’

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক নিপেন পাল বলেন, ‘দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল। ধর্মঘটের ১১তম দিনে সরকারের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুস শহীদ , মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠকে বসি। এ বৈঠকে চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এ প্রস্তাব শ্রমিকেরা মেনে নেন।’

তিনি আরও বলেন, ‘তবে শনিবার রাতে সিদ্ধান্ত উল্টে যায়। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার তিন ঘণ্টা পর বিভিন্ন চা-বাগান থেকে পঞ্চায়েত কমিটি ও ভ্যালি কমিটির নেতারা আমাদের ফোন দিয়ে জানান ১৪৫ টাকা মজুরি মেনে নেবেন না তারা। এমনটা জানিয়ে শ্রমিকেরা বাগানে বাগানে আবার আন্দোলন শুরু করেছেন। শ্রমিকেরা বৈঠকের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই আমরা শ্রমিকদের কথা চিন্তা করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.