Sylhet Today 24 PRINT

এখনও কাজে যোগ দেননি বেশিরভাগ চা শ্রমিক

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২২

মজুরী বাড়া্নোর দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার হলেও এখনও কাজে যোগ দেননি বেশিরভাগ চা শ্রমিক। প্রশাসনের সাথে নেতাদের হওয়া বৈঠকের সিদ্ধান্তের লিখিত কাগজ দেখার দাবি জানিয়েছেন শ্রমিকেরা।

সোমবার (২২ আগস্ট) সিলেটের বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সরেজমিনে দেখা যায়, আন্দোলন প্রত্যাহারের পর সিলেটের সকল চা বাগানেই সকাল থেকে আসতে শুরু করেন চা শ্রমিকেরা। তবে সংখ্যায় কম থাকলেও শ্রমিক নেতারা জানিয়েছেন বৈঠকের সিদ্ধান্তের লিখিত কাগজ হাতে আসার পরেই শুরু হবে পুরোদমে চা তোলা।

এ ব্যাপারে সিলেট মালিনিছড়া চা বাগানের রিতেশ মোদী জানান, আমরা ভ্যালি ম্যানেজারের অপেক্ষায় আছি। তিনি আসার পর তার বক্তব্যের উপর ভিত্তি করে আমরা কাজে যোগদানের কথা চিন্তা করবো। অন্য বাগানের কথা আমার জানা নেই।

এদিকে চা বাগান মালিকপক্ষের আশা বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এর আগে গতকাল রাত ৩টা পর্যন্ত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের জেলা প্রশাসকের সাথে বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন মজুরী ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমান দৈনিক ১২০ টাকা মজুরী ঠিক রেখে চা শ্রমিকের আজ থেকে কাজে যোগ দিবেন।

এছাড়া শ্রমিকেরা যে কয়দিন কর্মবিরতি পালন করেছেন, মালিকপক্ষ তাদের নিয়ম অনুযায়ী শ্রমিকদের মজুরী প্রদান করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.