বিয়ানীবাজার সংবাদদাতা | ২১ ডিসেম্বর, ২০১৫
বিয়ানীবাজারের শেওলা সেতুর অদূরবর্তী মেওয়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় বিয়ানীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বিরতিহীন বাস (সিলেট জ-১১০৭০৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মাথিউরা ইউনিয়নের আব্দুল হাফিজ (৪০), আশঙ্কাজনক অবস্থায় ডাচ বাংলা ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মকর্তা ছইফ আলম (২৭), ওয়াহাব আলী (৪০) ও আব্দুর নূর (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও অন্যান্য আহত যাত্রীদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত বাসের যাত্রী হারুন অর রশিদ জানিয়েছেন, বাসের চালক বেপরোয়া গতিতে বাসটি চালালে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়, তিনি বলেন , "বাঁচব আশা করিনি, কীভাবে বেঁচে আছি জানিনা"।
বিয়ানীবাজারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাত্রীদের উদ্ধার করে তবে বাসর চালক ও হেল্পার দুর্ঘটনার পর পরই পালিয়ে গেছে।
বিয়ানীবাজার থাকা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে নিয়েছে।