Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার থেকে সিলেটে শিশুরা পাবে কোভিড-১৯ টিকা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২২

শিশুদের জন্য কোভিড-১৯ এর টিকা দানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৫ থেকে ১২ বছরের নিবন্ধনকৃত শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেয়া হবে।

মঙ্গলবার (২৩ আগষ্ট) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান,  বৃহস্পতিবার (২৫ আগষ্ট) থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা কেন্দ্র দানের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে।

তিনি জানান, ৫ বছর থেকে ১২ বছর পর‌্যন্ত শিশু শিক্ষার্থীদের যাদের জন্মসনদের ইংরেজি অনলাইন কপি আছে তারা সুরক্ষা এ্যাপে (https://surokkha.gov.bd/) কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে  শিশুদের ১৭ সংখ্যার (১৭ ডিজিটের)  জন্মনিবন্ধনের নম্বর থাকতে হবে। যাদের নেই তারা নতুন করে জন্ম নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিষ্ট্রেশনকৃত শিশু শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কতৃপক্ষের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন টিকা প্রদান করবে। নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে টিকা গ্রহনের জন্য অবশ্যই টিকার রেজিষ্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে শিক্ষার্থীদের।  

আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশের ন্যায় সিলেট সিটি কর্পোরেশন এলাকা শুরু হচ্ছে এই শিশুদের জন্য বিশেষ টিকা দান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ৫ থেকে ১২ বছর পর্যন্ত সকল শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তিতে সরকারের নির্দেশনায় কমিউনিটি ও শিক্ষার্থী ছাড়াও  অন্যান্য শিশুদের কোভিড-১৯ এর টিকা প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.