Sylhet Today 24 PRINT

সিলেটে টিউলিপ ও শেখ রেহানা

নিউজ ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও নাতনি টিউলিপ সিদ্দিকী। 

যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে ওসমানী বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করছেন বঙ্গবন্ধু পরিবারের এ দুই সদস্য।

বাংলাদেশ বিমানের বিজি-০০৬ ফ্লাইটে এসেছেন শেখ রেহানা ও টিউলিপ। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি সোমবার (২১ ডিসেম্বর) সকাল দশটা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন তারা। তবে সময় স্বল্পতার কারণে মতবিনিময় বা কোনো ধরনের সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে না।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জানান, এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও নাতনি।

যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী সাধারণ নির্বাচনে জয়লাভের পর সিলেট ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় পরিবারের সঙ্গেই টিউলিপ পুরো সময় কাটাবেন বলে জানা গেছে।

এদিকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.