নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৫
ব্রিটেনে নির্বাচনে জয়লাভের জন্য সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী।
তিনি বলেন, নির্বাচনের সময় এদেশের মানুষ আমার জন্য দোয়া করেছেন। ব্রিটেনে বসবাসরত সিলেটীসহ অন্য কমিউনিটির লোকজন ভোট দেওয়ায় ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি।
সোমবার (২১ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে আসার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে এ কথাগুলো বলেন তিনি।
টিউলিপ সিদ্দিকীর বক্তব্যের বরাত দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান একথাগুলো বলেন।
তিনি জানান, জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকীর ইচ্ছে ছিলো নির্বাচনে জয় লাভের পর সিলেটে আসা। তাই এসেছেন।
সিলেটে যাত্রা বিরতিকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাতে মিলিত হন। আওয়ামীলীগ নেতারা টিউলিপকে সিলেট ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন। অবশ্য পরবর্তীতে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এর আগে সোমবার সকাল ১০টা ৫ মিনিটে বিজি-০০৬ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান টিউলিপ সিদ্দিকী, তাঁর মা শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।
সকাল ১১টা ২০ মিনিটের দিকে একই ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও বিমানবন্দরে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।