Sylhet Today 24 PRINT

সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ আর নেই

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০২২

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী সিরাজ উদ্দিন আহমেদ আর নেই।

বুধবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নিজ বাসায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী চার ছেলে, দুই মেয়ে ছাড়াও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজ উদ্দিন আহমদ ১৯৪৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর নিজপাট চুনাহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রশিদ, মাতা হামিদা খাতুন। জৈন্তাপুর এম. ই স্কুলে (বর্তমান জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়) শিক্ষা জীবন শুরু করেন। পরে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৬৪ সালে সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে সিলেট পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নের জন্য ভর্তি হন।

কলেজ জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন । ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকায় তাকে কয়েকদিন জেল কাটতে হয়৷ শিক্ষা জীবন অসমাপ্ত করে পালিয়ে ঢাকায় চলে যান। ঢাকায় তিনি পাকিস্তান বিমান বাহিনীতে জুনিয়র কমিশন পদে যোগ দেন। পশ্চিম পাকিস্তানী প্রশিক্ষকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করায় বাঙ্গালী প্রশিক্ষণার্থীদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। ১৯৭০ সালে সরকারী শ্রম দপ্তরে চাকুরী করেন । দুর্নীতির বিরোধিতা করে চাকুরী ছাড়তে বাধ্য হন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি বগুড়ার গাইবান্ধা জেলায় মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।

১৯৮০ সালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ডেপুটিশন বিভাগে বদলি হন। এ সময় নানা চাপের মুখে তিনি চাকুরী হতে অব্যাহতি নেন । ফিরে আসেন এলাকায়। মানুষের ভাগ্যবদলের জন্য গড়ে তুলেন ’পল্লী মঙ্গল’ নামের প্রতিষ্ঠান। ঘুষ-দুর্নীতি-অনিয়ম আর অসামাজিক কাজের বিরুদ্ধে গড়ে তুলে শক্ত প্রতিরোধ। পরিচিত হয়ে উঠেন ‘পল্লী মঙ্গল সিরাজ’। স্থান করে নেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। ১৯৮৩ সালে তিনি রাজনীতিতে সক্রিয় হন । তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ১৮দফা বাস্তবায়ন কমিটির সভাপতি হিসাবে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হন।

মানুষের ভালোবাসায় ১৯৮৫ সালে জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। হয়ে উঠেন ’সিরাজ চেয়ারম্যান’। জৈন্তার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৷এলাকার ছাত্র ও যুব সমাজকে নিয়ে ১৯৭৫ সালে পল্লী মঙ্গল যুবসংঘ গঠন করে জৈন্তাপুরের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি ৷ বিগত ২০০৩ সালে সিলেট-তামাবিল জাফলং মহাসড়কে বিআরটিসি বাস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমেদ ১৯৭০ সালে রংপুর গাইবান্ধা শহরের বাসিন্দা মরহুম আব্দুস সত্তারের কন্যা শামসুন নাহারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শামসুর নাহারই জৈন্তাপুর উপজেলার প্রথম মহিলা শিক্ষিকা ৷ শাসসুন নাহার পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শামসুন নাহার মানসিক অসুস্থ থাকায় পরবর্তীতে সিরাজ উদ্দিন আহমদ গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের মরহুম শামসুল হকের কন্যা রেহানা বেগমকে বিয়ে করেন। তিনি ছয় সন্তানের জনক, দুই মেয়ে, চার পুত্র সন্তান রয়েছেন।

তিনি জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্যসহ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন৷ তিনি ১৯৯৮ সালে হজ পালন করেন ।

মৃত্যুর আগে বেশ কয়েক বছর হতে যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে পরিবারের সদস্যদের সাথে বসবাস করছেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

বিভিন্ন মহল শোক,

সিরাজ উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, বর্তমান সভাপতি নূরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.