নিজস্ব প্রতিবেদক: | ২৬ আগস্ট, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহে আশার আলো দেখছে বাংলাদেশ।’
শুক্রবার (২৬ আগস্ট) রাতে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটি নিয়ে জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সাড়া দিয়েছে।’
এর আগে মন্ত্রী সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগরীর উন্নয়ন কর্মকান্ড নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।