Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কাজে ফিরলেন লস্করপুরের চা শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০২২

১৯ দিনের ধর্মঘটের পর রোববার (২৮ আগস্ট) থেকে কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর আজ রোববার (২৮ আগস্ট) সকালে কাজে ফেরেন হবিগঞ্জের একটি বাগানের চা-শ্রমিকেরা।

এদিন সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগানে গিয়ে দেখা যায় শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন। হবিগঞ্জে মোত চা বাগানের সংখ্যা ২৩টি।

স্থানীয় শ্রমিক নেতা সাধন সাঁওতাল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.