সিলেটটুডে ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন।
নিহত ব্যাক্তির নাম ইব্রাহীম মিয়া (৪০), তিনি মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের বাসিন্দা।
সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাধবপুর উপজেলার সাহেববাড়ি এলাকায় মাধবপুর থেকে নোয়াপাড়াগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ইব্রাহীম মিয়া নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর তিন যাত্রী আহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।