Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে নৌকা থেকে পানিতে পড়ে তাওহীদ আহমদ (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামে খাসিয়ামারা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

তাওহীদ মিরপুর গ্রামের সমরাজ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তাওহীদ আহমদ তার বাবা সমরাজ মিয়ার সঙ্গে নদীর ঘাটে যায়। এ সময় সমরাজ মিয়া ঘাটে তাঁদের নৌকাটি বেঁধে রাখায় ব্যস্ত ছিলেন। তখন নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় তাওহীদ। এরপর তার খোঁজ শুরু করেন লোকজন। কিন্তু রাত নয়টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান উদ্দিন জানান, তাওহীদের খোঁজ চলছে। তাকে রাত নয়টা পর্যন্ত পাওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, নদীতে পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.