Sylhet Today 24 PRINT

বড়লেখায় আত্মীয়-স্বজনের টাকায় নির্বাচনী খরচ মেয়র প্রার্থীদের!

তপন কুমার দাস, বড়লেখা |  ২১ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছিলেন ৭ জন। এরমধ্যে একজনের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন ভোট লড়ছেন ৬ জন। এই ছয় প্রার্থীর ৫ জনেরই বেশির ভাগ নির্বাচনী খরচের টাকা পাবেন আত্মীয়-স্বজনের কাছ থেকে।

হলফনামায় স্বাক্ষর জটিলতায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোসাম্মাৎ রায়না বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন প্রার্থী আছেন আওয়ামী লীগের আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী, বিএনপির মোঃ. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মীর মুহাম্মদ মুজিবুর রহমান, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর নূর, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ।
 

হলফনামায় দেখা গেছে আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশা ব্যবসা। করাতকলের ব্যবসা রয়েছে তাঁর। অতীতে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছিল। সবকটি থেকেই তিনি বেকসুর খালাস ও অব্যাহতি পেয়েছেন। নির্বাচনে প্রার্থীর নিজ আয় থেকে সম্ভাব্য খরচ করবেন ২০ হাজার টাকা। চাকরিজীবী ভাইয়ের কাছ থেকে পাবেন ৮০ হাজার টাকা। খরচ ধরেছেন পোস্টার ৩০ হাজার টাকা, নির্বাচনী কার্যালয় সাত হাজার টাকা, কেন্দ্রীয় কার্যালয় ১৭ হাজার টাকা, যাতায়াত খরচ নয় হাজার, কার্যালয়ে আপ্যায়ন পাঁচ হাজার টাকা, ৩০ জন কর্মী বাবদ ১৫ হাজার টাকা, ব্যানার ছয় হাজার, মাইকিং ১৬ হাজার এবং বিবিধ পাঁচ হাজার টাকা।

মোঃ. আনোয়ারুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা বিএ। পেশায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার। তাঁর বিরুদ্ধে বড়লেখায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তদন্তাধীন একটি মামলা আছে। অতীতে একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন তিনি। প্রাইম ব্যাংক লিমিটেড বড়লেখা শাখায় তাঁর ১০ লাখ চার হাজার ৯০৭ দশমিক ৪২ টাকা ঋণ আছে। প্রার্থীর নিজ আয় থেকে সম্ভাব্য অর্থ প্রাপ্তি হচ্ছে ৩০ হাজার টাকা। ফ্রান্স প্রবাসী ভাতিজার কাছ থেকে পাবেন ৯৫ হাজার টাকা। অন্যান্য ব্যক্তি থেকে পাবেন ২০ হাজার টাকা। তাঁর পোস্টার খরচ ১২ হাজার টাকা। নির্বাচনী কার্যালয় ১৭ হাজার টাকা, যাতায়াত ২০ হাজার, সভা তিন হাজার টাকা, লিফলেট পাঁচ হাজার টাকা। হ্যান্ডবিল তিন হাজার টাকা। ব্যানার ১০টি ১২ হাজার টাকা। পথসভা ৩০ হাজার টাকা। মাইকিং ১১ হাজার টাকা। কার্যালয়ে আপ্যায়ন আট হাজার টাকা এবং বিবিধ পাঁচ হাজার টাকা।

মীর মুহাম্মদ মুজিবুর রহমান বিএ পাস। তাঁর নির্দিষ্ট  পেশা নেই। তাঁর নগদ দুই হাজার এবং স্ত্রীর এক হাজার টাকা আছে। একটি মোটর সাইকেল ও যৌথ মালিকানায় ২০ শতক জমি আছে। তিনি প্রবাসী বন্ধুর কাছ থেকে পাবেন এক লাখ টাকা। তাঁর পোস্টার খরচ হবে দুই হাজার ৫০০ টাকা। নির্বাচনী কার্যালয় চার হাজার টাকা। কেন্দ্রীয় কার্যালয় ১০ হাজার টাকা। যাতায়াত ১০ হাজার টাকা। সভা ১২ হাজার টাকা। লিফলেট ১০ হাজার টাকা। হ্যান্ডবিল পাঁচ হাজার টাকা। ছয় হাজার ব্যানার দুই হাজার টাকা। চারটি ডিজিটাল ব্যানার তিন হাজার টাকা। পথসভা ১৫ হাজার টাকা এবং মাইকিং ২৪ হাজার টাকা।

আব্দুর নূর স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। আয়ের উৎস কৃষি। ব্যাংকে জমা আছে তিন লাখ টাকা। এফডিআর আছে পাঁচ লাখ টাকার। নিজ আয় থেকে সম্ভাব্য অর্থ প্রাপ্তি ১ লাখ টাকা। আত্মীয়-স্বজনের কাছ থেকে পাবেন ৭০ হাজার টাকা। তাঁর প্রতীক বাবদ খরচ দুই হাজার টাকা, কার্যালয়ে আপ্যায়ন দুই হাজার টাকা, কর্মী বাবদ খরচ ৩০ হাজার টাকা, হ্যান্ডবিল ছয় হাজার টাকা, ব্যানার ১১ হাজার, পথসভা পাঁচ হাজার, মাইকিং ৩১ হাজার, পোর্ট্রটে ছয় হাজার, পোস্টার ১৫ হাজার টাকা, নির্বাচনী কার্যালয় ১৩ হাজার টাকা, যাতায়াত ১৫ হাজার টাকা, সভা খরচ ২০ হাজার টাকা, লিফলেট চার হাজার টাকা ও বিবিধ ১০ হাজার টাকা।

মতিউর রহমান এসএসসি। আয়ের উৎস কৃষি। স্ত্রীর নামে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার আছে। যুক্তরাজ্য প্রবাসী আত্মীয় থেকে ৮০ হাজার টাকা পাবেন। তাঁর পোস্টার বাবদ খরচ ১২ হাজার টাকা, যাতায়াত পাঁচ হাজার টাকা, সভা পাঁচ হাজার টাকা, লিফলেট সাত হাজার টাকা, হ্যান্ডবিল সাত হাজার টাকা, ডিজিটাল ব্যানার পাঁচটি সাত হাজার টাকা, মাইকিং ১২ হাজার টাকা, কর্মী বাবদ পাঁচ হাজার টাকা এবং বিবিধ ২০ হাজার টাকা।

খিজির আহমদ আলিম পাস। তাঁর পেশা ব্যবসা। হাতে নগদ টাকা আছে ৪৫ হাজার। ব্যাংকে জমা ৩ হাজার ৯৬৩ টাকা। ব্যবসায় থেকে বছরে আয় করেন ২ লাখ ৬০ হাজার টাকা। নিজের নামে ২ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ টাকার বৈদ্যুতিক ও আসবাব সামগ্রী রয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য হলফনামায় উল্লেখ নেই। ব্যবসার ৩০ হাজার টাকা ও ভাইয়ের কাছ থেকে ধার করা ৭০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.