Sylhet Today 24 PRINT

সিলেটের বাগানে বাগানে উৎসবের আমেজ

চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার বিকেলে সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে চা শ্রমিকরা যুক্ত হবেন তার সঙ্গে। এতে সিলেটের চা শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শ্রমিক নেতারা বৈঠক করে প্রধানমন্ত্রীর কাছে দাবিদাওয়ার বিষয় ঠিক করেছেন।

সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকার গলফ মাঠ থেকে চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। দুপুর থেকেই হাজারো চা শ্রমিক এই মাঠে জড়ো হবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

এই আয়োজন সফল করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে। তিন জেলার চা শ্রমিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সিলেটের মালনীছড়া চা বাগানের শ্রমিক বিজন মুন্ডা বলেন, ‘শেখ হাসিনা ছাড়া আমাদের দুঃখের কথা শোনার আর কেউ নাই। আমরা অনেক দিন ধরেই তার সাথে কথা বলার দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শনিবার দেশের সব চা শ্রমিকের জন্য এক স্বপ্নের দিন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাবে তারা।’

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগানে আয়োজিত অনুষ্ঠান সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৭টি উপজেলার প্রতিটির তিনটি করে স্থানে মোট ২১টি স্থলে বড় প্রজেক্টরের মাধ্যমে মতবিনিময় প্রদর্শন করা হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন প্রায় ১৭০ বছর ধরে বংশপরম্পরায় চা বাগানে থাকছি কিন্তু ভূমির অধিকার থেকে আমরা বঞ্চিত। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে ভূমির অধিকারসহ ৪-৫টি দাবি উত্থাপন করা হবে। তিনি আরও জানান, ১০ জন নারী চা শ্রমিককে কমলগঞ্জ উপজেলা পরিষদে নেওয়া হয়েছে। তাদের বক্তব্য শেখানো হচ্ছে।

এছাড়া হবিগঞ্জের চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে জেলার ২৪টি চা বাগানের দুই হাজার চা শ্রমিক উপস্থিত থাকবেন। গত ২৭ আগস্ট চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন। এতে চা শ্রমিকদের মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.