Sylhet Today 24 PRINT

দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে: সিলেটের বিভাগীয় কমিশনার

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে প্রচুর পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। সরকার দেশের প্রান্তিক কৃষক ও গরীব স্বল্প আয়ের মানুষের মধ্যে ওএমএস (ওপেন মার্কেট সেইল) প্রক্রিয়ার মাধ্যমে চাল বাজারে বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কৃষি ইনস্টিটিউট সেন্টারে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক ও কৃষি ব্যবস্থার উন্নয়নে খাদ্য উৎপাদনে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকদের বিনামূল্যে সার-বীজ সহ নানা উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে। মানুষের পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে দেশের কৃষি বৈজ্ঞানিকগন নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করতে নিরলস ভাবে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রামীণ জনপদের বসত বাড়ি ও পাহাড়ি এলাকায় বিভিন্ন প্রজাতির ফসলী চারা রোপণ করার আহবান জানান।

বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার প্রকল্পের অর্থায়নে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা সেন্টার আয়োজিত বারী গোলমরিচ-১ ফসলের আধুনিক চাষাবাদের  কলাকৌশল শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমদাদ হোসেন।

সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এমএইচএম বোরহান উদ্দিন ভুঁইয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, ফয়সল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। পরে প্রধান অতিথি সাইট্রাস গবেষণা কেন্দ্রের বিভিন্ন প্রজাতির বাগান পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে  কৃষি উন্নয়ন বিষয়ক পরামর্শ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.