শাবিপ্রবি প্রতিনিধি: | ০৪ সেপ্টেম্বর, ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ গত ২৫ জুলাই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। তার স্মরণে বুলবুল মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নস লীগের আয়োজন করতে যাচ্ছে বিভাগটির শিক্ষার্থীরা।
রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে একাডেমিক ভবন ডি’র ১০২২ নম্বর রুমে বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। নিলামে শতাধিক প্লেয়ার অংশ গ্রহণ করে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী। এছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম তামিম বলেন, আমদের সহপাঠী বুলবুল আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। তার স্মরণে আমরা একটি চ্যাম্পিয়নস লীগ টুর্নামেন্টের আয়োজন করছি। এতে সাবেক বর্তমান মিলিয়ে শতাধিক খেলোয়াড় নিবন্ধন করেছে। আজ আমাদের টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. আশরাফ সিদ্দিকী বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা বিভিন খেলাধুলায় অংশগ্রহণ করতে লোকপ্রশাসন বিভাগ বরাবরের মতই উৎসাহ দিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন সিজনে খেলাধুলার ইভেন্ট আয়োজনে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এবার বুলবুল মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নস লীগে টিম হিসেবে রয়েছে, টিম কলোনিয়াল লিগেসি, টিম ডিয়ার ডেবিলস, টিম বোল্ড ব্যাটেলারস, টিম রিবেল হিয়ার্টস, টিম এরিসট্রোক্রেটস স্কোয়াড, টিম রিপার ক্রিউ। প্রত্যেক টিমে ১২ জন করে প্লেয়ার রয়েছে, তবে মাঠে নামবে ৭ জন। বিডিংয়ে সর্বোচ্চ ৫০ হাজার ৩০০ পয়েন্টে (প্লাটিনাম) কেনাবেচা হয় আদনান রহমান (সেন্ট্রাল মিড ফিল্টার)।
এদিকে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ টুর্নামেন্ট শুরু হবে, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।