Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মিলল শিশুর লাশ

নবীগঞ্জ প্রতিনিধি: |  ০৫ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের তিন দিন পর আর্য় দাশ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের রুয়ার খারা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আর্য় দাশ করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের অনজিত দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) পৌনে ৭টার দিকে আর্য দাশ ঘর থেকেই নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর শনিবার (৩ সেপ্টেম্বর) নিখোঁজ শিশুর পিতা অনজিত দাশ নবীগঞ্জ থানায় জিডি করেন। সোমবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের রুয়ার খারা নামক স্থানে এক শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর এলাকায় জানাজানি হলে নিখোঁজ আর্যের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার (শিশু) লাশ উদ্ধার করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, ‘শিশুটির পরিবারে কোনো অভিযোগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.