Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি চা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

ভূমির অধিকারসহ চা শ্রমিকদের যেসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন চা শ্রমিক নেতারা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল৷

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মজুরি বৃদ্ধির জন্য যে আন্দোলন ঘোষণা করেছিলো সেই ঘোষণার পর বাংলাদেশের সকল চা শ্রমিক নেতৃবৃন্দ, চা শ্রমিক মা বোন-ভাইসহ ছাত্র যুব সমাজ একযোগে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। সেই আন্দোলন সংগ্রামের সুফল হিসেবে গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন। এবং গত ০৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ চা শ্রমিকদের সাথে কথা বলেন এবং চা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন এবং তা পূরণের আশ্বাস দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ইউনিয়নের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল চা শ্রমিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী আমাদের সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সাথে কথা বলার সময় আমাদের ভূমির অধিকারসহ যে সকল বিষয় সমাধানের আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি৷

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্দোলন চলাকালীন সময়ে চার জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ যারা আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের সকল চা শ্রমিক ও ছাত্র যুব সমাজকে চা শ্রমিকদের ন্যায্য মজুরির এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি৷

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.