Sylhet Today 24 PRINT

স্বামী-স্ত্রী দু’জনেই যেখানে প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৫

স্বামী আব্দুল হক আর স্ত্রী রোকেয়া হক দু'জনেই প্রার্থী হয়েছেন। দু'জনেই দাঁড়িয়েছেন কাউন্সিলর পদে। তবে আব্দুল হক সাধারণ কাউন্সিলর পদে ও রোকেয়া হক সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন এই দম্পতি।

দাম্পত্য জীবনের ৩৫ টি বছর কেটেছে একে অন্যের সফলতার চিন্তা করে।কিন্তু ভোটের মাঠে অনেকটাই স্বার্থপর তারা। নিজেদের পক্ষে ভোট টানতে ব্যস্ত সময় পার করছেন দুজনই।

চুনারুঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের দুই বারের সাধারণ কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল হক। এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন তিনি। আর ৪, ৫, ৬ এই তিন ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছেন তার স্ত্রী রোকেয়া হক।

কেন দু জনই নির্বাচনে প্রার্থী হলেন এমন প্রশ্নে আব্দুল হক বলেন, দেশের উন্নয়নে কেবল পুরুষদের কাজ করলেই চলবে না। নারীদেরও এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায় থেকে নারী নেতৃত্ব তৈরি হতে হবে। এমন ধারণা থেকে এবার নিজের স্ত্রীও প্রার্থী হয়েছেন বলে জানান হক।

আর রোকেয়া হক বলেন, নির্বাচিত হলে আমরা দু'জন মিলেই এলাকার উন্নয়নে কাজ করবো। এতদিন দু'জন মিলে সংসারের জন্য কাজ করেছি। এখন এলাকার জন্য কাজ করব।

দাম্পত্য জীবনে প্রায় তিন যুগ পার করেছেন এই দম্পতি। সুখে দুখে একে অন্যের পাশে ছিলেন এই সময়টা। গত নির্বাচনেও স্বামীর জন্য ভোট চেয়েছেন রোকেয়া। কিন্তু এবার শুধু নিজের চিন্তাই করতে হচ্ছে দুজনকে।

এ ব্যাপারে আব্দুল হক বলেন, নিজে প্রার্থী হয়ে তো অন্যের জন্য ভোট চাওয়া যায় না। তবে আমি চাই আমার স্ত্রীও যেনো বিজয়ী হন। একই চাওয়া রোকেয়া হকেরও।

দুজনই জানিয়েছেন, ভোটারদের যে সাড়া তারা পাচ্ছেন তাতে বিজয়ী তারা হবেনই। আর পরাজিত হলেও সাধারণ মানুষের সেবায় কাজ করে যেতে চান বলে জানান এই দম্পতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.