Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় মাছ ধরতে নিষেধ করায় পাহারাদারকে খুন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করাকে কেন্দ্র করে তৌফিকুল ইসলাম নামে এক পাহারাদার নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত তৌফিকুল একই ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুড়শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ১৪২৮ বঙ্গাব্দ থেকে পরবর্তী ছয় বছরের জন্য ইজারা পায়। কিন্তু কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যেতে থাকেন।

বুধবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য জলমহালে প্রবেশ করেন। তখন তৌফিকুলসহ কয়েকজন পাহারাদার বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা পাহাদারদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এতে তৌফিকুল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হলে জলমহালে জাল ফেলে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তৌফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মরদেহের সুরতহাল করা করে ময়নামদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.