Sylhet Today 24 PRINT

অবৈধ বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্রীর, সড়ক অবরোধ

শ্রীমঙ্গল প্রতিনিধি: |  ০৮ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রীর পা ভেঙে গেছে। এ ঘটনার প্রতিবাদে সহপাঠীরা সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা ভূনবীর ইউনিয়নের শাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত রুমকি আক্তার (৫) উপজেলার শাসন বটতল এলাকার ইসমাইল লস্করের মেয়ে।

স্ব জানান, উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী রুমকি আক্তার সকালে স্কুলে যাওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক রুমকিকে ধাক্কা দেয়। এতে তার পা ভেঙে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ট্রাকের ড্রাইভার ট্রাক ফেলে পালিয়ে যায়।

রুমকি আক্তারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বালুভর্তি ট্রাকটি এলাকার কবির মোল্লার অবৈধ বালুবহন করছিল বলে নিশ্চিত করেন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী রঞ্জন দেব।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌমিতা বলেন, রুমকি আক্তারের একটি পা খুব গুরুতরভাবে ভেঙেছে।

এ ব্যাপারে বালু ব্যবসায়ী কবির মোল্লা বলেন, হঠাৎ দৌড় দেওয়ার কারণে বালুর গাড়ির ধাক্কায় মেয়েটি সামান্য আঘাত পায়। আমরা মেয়েটিকে চিকিৎসা করাতে যা যা লাগে সব কিছু করব।

এ সময় তিনি অভিযোগ করেন, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বিষয়টিকে বড় করার জন্য টিএনও, এসিল্যান্ডকে এনেছেন মামলা দেওয়ার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এ ছাড়া মেয়েটির সুচিকিৎসার সব ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.