Sylhet Today 24 PRINT

নিখোঁজের ৫ দিন পর জকিগঞ্জে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি: |  ০৯ সেপ্টেম্বর, ২০২২

ছবি: সংগৃহীত

নিখোঁজের ৫ দিন পর সিলেটের জকিগঞ্জে সাম্মী আক্তার (৭) নামের এক শিশু কন্যার বস্তবন্দী লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের ঝুপড়িতে বস্তাবন্দী একটি শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ দিন ধরে নিখোঁজ থাকা সাম্মী আক্তারের লাশ বলে সনাক্ত করেন তার বাবা আজমল হোসেন।

শিশু সাম্মী আক্তার ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে।

শাম্মি আক্তারের বাবা জকিগঞ্জ থানা পুলিশের বাবুর্চির কাজ করায় বর্তমানে পৌর এলাকার পীরেরচক গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।

সাম্মীর বাবা আজমল হোসেন জানান, রোববার বিকেলের দিকে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় সাম্মী আক্তার। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। এলাকায় মাইকিং করা হয়। ওই রাতে তিনি জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার পাঁচদিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় কেছরী গ্রামের ঝুপড়ির মাঝে শিশুর বস্তাবন্দী লাশ পাওয়ার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে তার মেয়ের লাশ সনাক্ত করেন। তার অবুঝ শিশু কন্যাকে কারা কেন নির্মমভাবে হত্যা করলো সেটা তিনি বলতে পারেননি। তিনি একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। সাম্মী আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্থরের মানুষসহ সাম্মী আক্তারের মা-বাবা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে কাজ চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.