Sylhet Today 24 PRINT

জুড়ীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল কুমিল্লায়

জুড়ী প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০২২

জুড়ীর নিখোঁজ মাদ্রাসা ছাত্র সালা উদ্দিন মাহি(১৪) কে কুমিল্লার দীঘির পাড় নামক এলাকায় পাওয়া গেছে। ইতোমধ্যে তাকে বাড়িতে আনতে তার বড় ভাই আব্দুল মুহিত সেখানে গিয়েছেন।
 
উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামের আব্দুল মন্নানের ছেলে বড়ডহর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সালা উদ্দিন মাহি ৪ সেপ্টেম্বর  থেকে নিখোঁজ ছিলো।

পরিবারিক সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মত সে বড়ডহর হাফিজিয়া মাদ্রাসায় যায়। সেখানে হিফজ শাখায় পড়াশোনা করতো। ঐ দিন  ক্লাস শেষ করে বাড়িতে আসার সময় পথিমধ্যে সে নিখোঁজ হয়ে যায়। এরপর আর তাকে খুজে পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার মা মিনারা বেগম জুড়ী থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এরপর বৃহস্পতিবার রাতে সে বাড়িতে কল করে জানায়, সে কুমিল্লার দিঘীর পাড় নামক স্থানে অবস্থান করছে। এরপর তার ভাই আব্দুল মুহিত তাকে আনতে সেখানে যান।

মুহিতের সাথে আলাপকালে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাহি তাকে ফোন দিয়ে কুমিল্লায় অবস্থানের কথা জানায় এবং সেখানে  সাগরনাল, ফুলতলার কিছু রাজমিস্ত্রী ঠিকাদারের আওতায় রাজমিস্ত্রী কাজ করছে বলে জানায়।

জুড়ী থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন মাহিকে পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সে হিফজ শাখায় লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে এলাকার কিছু বন্ধু রাজমিস্ত্রীদের সাথে কুমিল্লায় কাজে চলে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.