Sylhet Today 24 PRINT

সিলেটে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: |  ১২ সেপ্টেম্বর, ২০২২

সিলেট নগরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমা থানার অনন্তপুর তেমুখী পয়েন্ট এলাকায় ফেমাস আইসবার ফ্যাক্টরি, কুমারগাঁও এলাকায় নাজমুল আইসবার ফ্যাক্টরি, নগরের টুকের বাজারে হাজী কুটি মিয়া ফার্মেসি।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেমাস আইসবার ফ্যাক্টরিকে আইসক্রিম তৈরিকরণে অনুমোদনহীন ফেব্রিকস ডাই, স্যাকারিন, তারিখ ও লেবেলবিহীন ফ্লেভার ব্যবহার ও প্যাকেটজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ না দেওয়ায় ১ লাখ টাকা, একই অপরাধে কুমারগাঁও এলাকায় নাজমুল আইসবার ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা ও টুকের বাজারে হাজী কুটি মিয়া ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।

এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, ‘নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.