Sylhet Today 24 PRINT

রাতে পরিবহন শ্রমিকদের বৈঠকে ডেকেছেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০২২

৫ দফা দাবিতে আন্দোলনরত পরিবহন শ্রমিকদের বৈঠকে ডেকেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই তথ্য জানিয়ে সিলেটের সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আজ রাতেই আমি তাদের সাথে বসছি। তাদেরকে আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করবো।

তবে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, আলোচনা ও আন্দোলন একসাথে চলবে। দাবি পুরণের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পূর্ব পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর জানান, বিভাগীয় কমিশনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বৈঠকে বসবো। তবে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

পাঁচ দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলায় কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র ডাকে চলছে এই আন্দোলন কর্মসূচি।

সকাল থেকে বিকাল পর্যন্ত লাঠি হাতে সিলেটের বিভিন্ন রাস্তায় ‘পিকেটিং’ করেছেন পরিবহন শ্রমিকরা। তারা কোনো ধরণের যানবাহান বা পণ্যবাহী গাড়িতে চলতে দিচ্ছেন না। এতে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবিরা বেশ ভোগান্তিতে পড়েন।

এদিকে, সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলো প্রশাসন। তবে সে অনুরোধকে প্রত্যাখান করে ভোর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকরা জানান, বেশ কিছুদিন ধরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালনসহ মিছিল-সভা করে আসছেন। তাদের দাবিগুলো হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.