Sylhet Today 24 PRINT

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২২

ফাইল ছবি

সারাদেশে বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্ধারিত সময় বেলা ১১টা থেকে শুরু হয় পরীক্ষা।

এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম।

এদিকে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে চার জেলার ১৪৯টি কেন্দ্রে মোট ১ লাখ ১৬ হাজার ৪৮৮ শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করছে ।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে যানজট এড়াতে এবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময়কাল ২০ মিনিট এবং লিখিত অংশ ১ ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।

এ ছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.