Sylhet Today 24 PRINT

প্রার্থী হচ্ছেন না এনাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন নাসির

সিলেট জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২২

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন খান। এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিজয়ী হওয়া অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রাথৃী হিসেরে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেননি।

চেয়ারম্যান পদে কেবল নাসির উদ্দিন খান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি বলে দুপুর আড়াইটায় সিলেটটুডেকে জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির।

প্রার্থী না হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এনামুল হক সর্দারও।

ফলে নাসির উদ্দিনের খানের চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছে।

এরআগে বৃহস্পতিবার দুপুরে নাসির উদ্দিন খান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্তত চার নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.