Sylhet Today 24 PRINT

ওয়াহেদ আল বদর পরিবারের সদস্য, জানতো না আ’ লীগ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২২

প্রায় ১০ বছর ধরে বানিয়াচংয়ের ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্ব রয়েছেন আল বদর পরিবারের সদস্য মো. আব্দুল ওয়াহেদ। বিষয়টি আগে জানতো না আওয়ামী লীগ। ‘ইদানীং’ জেনে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ।

গতকাল বুধবার উপজেলা শাখার সভাপতি মোঃ আমীর হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আঙ্গুর মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিশ্ব ভ্রমণকারী ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের বিষয়টি নিয়ে সামনে আসে এই ওয়াহেদ মিয়ার নাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ বানিয়াচং উপজেলা শাখার অন্তর্গত ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে আছেন মো. ওয়াহেদ মিয়া। ইদানীং উপজেলা আওয়ামী লীগ জানতে পারে যে, ওয়াহেদ মিয়া ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী আল বদর বাহিনীর পরিবারের সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের অংশ হিসাবে তাকে উক্ত ওয়ার্ড কমিটির সভাপতি পদ হতে অব্যাহতি প্রদান করা হল।

মো. আব্দুল ওয়াহেদকে সভাপতি থেকে অব্যাহতির পাশাপাশি ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ময়না মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমীর হোসেন মাস্টার জানান, আনুমানিক ২০১২ সাল থেকে মো. আব্দুল ওয়াহেদ ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

আল বদর সদস্যের পরিবারের একজন কিভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন, তা জানতে চাইলে মো. আমীর হোসেন মাস্টার বলেন, ‘আমরা এতদিন আসলেই এত গুরুত্ব দেইনি। এখন কঠোর শুদ্ধি অভিযানের কারণে ব্যবস্থা নেয়া হয়েছে। রাজনীতি তো একক নেতৃত্বে চলে না। আমি আগের সেক্রেটারির ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম।’

ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তিনি বলেন, ‘আমি তো জানি ওই বাড়ি রামনাথ বিশ্বাসের। তবে ওয়াহেদ মিয়া কিভাবে বাড়িটি নিয়েছে, বিষয়টি জানি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.