নবীগঞ্জ প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর, ২০২২
নবীগঞ্জ পৌর বিএনপি'র একাংশের কর্মসূচিকে ঘিরে শহরে শরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর বিএনপির একটি অংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। এদিকে একই সময় একই স্থানে উপজেলা ছাত্রলীগও বিএনপির নেতাকর্মীদের প্রতিহত করার ডাক দিয়েছে।
বৃহস্পতিবার পৌর বিএনপির একাংশের নেতাকর্মীদের প্রতিহতের ডাক দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদারসহ কয়েকজন নেতাকর্মী। এরপর থেকেই আলোচনা সমালোচনা চলছে। একই স্থানে দু'দলের কর্মসূচী নিয়ে আতংকে রয়েছেন সাধারণ মানুষসহ ব্যবসায়ীবৃন্দ।
এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার বলেন, পৌর বিএনপির লোকজন আজকে যারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন তারা মিছিলের নামে শহরে নাশকতা করতে চায়। শান্তির শহরে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করেছে৷ এজন্য আমরা ছাত্রলীগ তাদের প্রতিহত করবো।
এদিকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম ইয়াসিনী বলেন, আমাদের উপর হামলা করলে আমরাও বসে থাকবো না। তাদেরকে প্রতিহত করার ক্ষমতা আমাদেরও আছে।
বিষয়টি নিয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ বলেন, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে কাজ করবো।