Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

অঞ্জন রায়, নবীগঞ্জ: |  ১৭ সেপ্টেম্বর, ২০২২

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে লিটন মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘলবাক ইউনিয়নের কসবা বাজারের পোস্ট অফিসের পিছনে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিটন মিয়া ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে লিটন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না তার স্বজনরা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন তার পরিবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে দীঘলবাক ইউনিয়নের কসবা বাজারের পোস্ট অফিসের পিছনে ডোবায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে লিটন মিয়ার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

মাজহারুল এন্ড তনু অটো পার্স ও ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী জুবেল আহমদের ছোট ভাইয়ের বরাত দিয়ে কসবা গ্রামের মাখমুদ বখত এই প্রতিনিধিকে বলেন, ‘গত বৃহস্পতিবার বৃষ্টি আসলে লিটন ওই পার্সের দোকানে গিয়ে জিনিসপত্র নাড়াচাড়া করে এবং এক পর্যায়ে দোকানদার তাকে বের করে দেয়। তবে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে লিটন মিয়ার সাথে ওই দোকানে হাতাহাতি করতে দেখা গেছে।’

সরেজমিনে গিয়ে শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে মাজহারুল এন্ড তনু অটো পার্স ও ইলেকট্রনিক্স দোকানটি বন্ধ পাওয়া যায় এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে ময়নাতদন্ত শেষে বেলা ৫টা ২০ মিনিটের দিকে লিটন মিয়ার দাফন সম্পন্ন হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘নিহত লিটন মিয়ার পরিবার ১৬ সেপ্টেম্বর একটি হারানো ডায়েরি করেছিলেন। শনিবার সকালে লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.