জগন্নাথপুর প্রতিনিধি: | ১৮ সেপ্টেম্বর, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি বিএনপি।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর শহরের স্থানীয় মুক্তিযোদ্ধা মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় পুলিশ এতে বাধা দিলে পণ্ড হয়ে যায় কর্মসুচি।
দলীয় নেতাকর্মীরা জানান, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় এ কর্মসুচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মোড় থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ এসে মিছিল করতে বাধা দেয়।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা প্রদান করে কর্মসুচি পণ্ড করে দিয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট ছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ওই স্থান থেকে তাদের সরিয়ে দিয়েছে।