Sylhet Today 24 PRINT

সিলেটে বিচারকের কোরবানির গরু চুরি, দুই মাস পর চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ২০ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের আদালত চত্বর থেকে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির প্রায় দুই মাস পর ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই চোরকে মঙ্গলবার বিকেলে আদালতে তোলা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান বলেন, ‘বিচারকের গরু চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজিরের পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। এর আগে গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা আমরা গভীরভাবে তদন্ত করি। এরই সূত্র ধরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।’

প্রসঙ্গত, গত ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরি হয়। এই ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় গরু চুরির মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.