Sylhet Today 24 PRINT

নগরীতে ১৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: |  ২১ সেপ্টেম্বর, ২০২২

প্রতীকী ছবি

সিলেট নগরীর মাত্র কয়েকটি দোকানে অভিযান চালিয়েই জব্দ করা হলো ১৫ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন। নগরীর লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে এ অভিযান চালানো হয়।

নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে অভিযানের সময় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করা হয় একটি দোকান। এ সময় প্রায় ১৫ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। এ সময় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এমরান হোসেন জানান, জব্দ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হবে। পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.