Sylhet Today 24 PRINT

চার শত্রুর মোকাবেলা করাই এই মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য: ইনু

নিজস্ব প্রতিবেদক: |  ২২ সেপ্টেম্বর, ২০২২

সাবেক তথ্য মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে হলে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে সরকারকে চার বিপদ ও চার শত্রুকে মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সকলকে অহমিকা ও হীনস্মন্যতা পরিহার করে রাজনৈতিক আদর্শের ওপর শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’

বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতি-অর্থনীতি-জনজীবন বিপন্নকারী চার শত্রু মোকাবেলা করাই এই মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদীদের মোকাবেলা করতে হলে দুর্নীতিবাজ, লুটেরা, দলবাজ, ক্ষমতাবাজ, মাস্তান, গুণ্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের উপর বুলডোজার চালাতে হবে। তাদের মাথার ওপর থেকে রাজনৈতিক-প্রশাসনিক ছাতা সরিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেটে কবি নজরুল ইসলাম মিলনায়তনে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন হাসানুল হক ইনু।

সাবেক মন্ত্রী ইনু চার শত্রুর পরিচয় ব্যাখ্যা করে বলেন- (১) রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা চাটার দল দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠী, (২) জনগণের পকেট কাটা ব্যবসায়ী-বাজার সিন্ডিকেট, (৩) ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুন্ডাগোষ্ঠি এবং (৪) বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু ও বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি অস্বীকারকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী ধর্মান্ধ জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি-জামায়াত-হেফাজত।

তিনি আরও বলেন ‘বিএনপি-জামাত-তালেবানি মুক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি-ধামকি দেয়া হচ্ছে, অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনার যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করতে হবে। ১৪ দলকে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সক্রিয়, দৃশ্যমান ও অপরাপর অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সাথে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ুম ও মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হক, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন তরফদার, সুনামগঞ্জ জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, স্বাগতিক সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ মিশু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.