Sylhet Today 24 PRINT

একই নাম্বার থেকে শ্রীমঙ্গল মিশনের ফাদারকেও হুমকি

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

সিলেট ক্যাথলিক চার্চের বিশপ বিজয় এনডি ক্রুজ ওমিকে যে মোবাইল ফোন নাম্বার থেকে হুমকী দেওয়া হয়েছিলো সেই নাম্বার থেকে শ্রীমঙ্গল খ্রিস্টান মিশনের ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনোকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে প্রায় একই সময়ে ও একই কায়দায় খুদে বার্তার মাধ্যমে সুব্রতকেও হুমকি প্রদান করা হয়। উভয়ক্ষেত্রেই হুমকিদাতা নিজের নাম জামান মজুমদার হিসেবে উল্লেখ করে নিজেকে আন্তর্জাতিক জিএমবির সমন্বয়ক হিসেবে দাবি করে। হুমকীর বিষয়টি উল্লেখ করে মঙ্গলবার রাতেই শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়রি করেছেন সুব্রত বনিফাস।

এদিকে, বড়দিনের ঠিক দুই দিন আগে দু’জন ধর্মযাজককে হত্যার হুমকী প্রদান করায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সাম্প্রতক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটায় তারা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুই ধর্ম যাজককে হুমকী দেওয়া মোইবাইল ফোন নাম্বারটি (০১৮৭৩১৪৯৫৮০) রেজিস্ট্রেশনবিহীন বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান জানান, হুমকীর ঘটনায় ফাদার বনিফাস একটি জিডি করেছেন। এখন চার্চে নিরাপত্তা পাহারা বসানো হয়েছে। হুমকীদাতাকে সনাক্ত করার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.