Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২২

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ শনিবার। তাই সকাল থেকে হবিগঞ্জ-সিলেট-মৌলভীবাজার সড়কসহ জেলার সকল আঞ্চলিক সড়কে মটর মালিক গ্রুপের আওতাধীন সব ধরণের গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে হবিগঞ্জ-সিলেট-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরেছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা। দুর্ভোগের পাশাপাশি বিকল্প পরিবহণে যাতায়াত করতে গিয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সিএনজি অটোরিকশা ছাড়া জেলার সব ধরণের দূরপাল্লার গণপরিবহণ বন্ধ রয়েছে। শ্রমিক ইউনিয়ন নেতারা জানিয়েছেন, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে সব সড়কেই গণপরিবহণ চলাচল শুরু হবে।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন থাকার কারণে মটর মালিক গ্রুপের আওতাধীন সকল বাস মিনিবাস মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সে কারণে যাত্রীরা খুব একটা দুর্ভোগের শিকার হবেন না। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

এদিকে, সকাল থেকে বাস চলাচল না করায় বিপাকে পরেছেন যাত্রীরা। অনেককে পায়ে হেটে ও বিকল্প পরিবহণে গন্তব্যে যাত্রা কেরতে দেখা গেছে। ফলে ভোগান্তির সাথে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

এ ব্যাপারে ঢাকাগামী যাত্রী মো. ফয়সল মিয়া বলেন, ‘জরুরী কাজে ঢাকা যাব। কিন্তু বাস চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধায় পরলাম। এখন সিএনজি দিয়ে শায়েস্তাগঞ্জ যাব। সেখান থেকে সিলেট বা মৌলভীবাজারের গাড়ি দিয়ে ঢাকা যেতে হবে।’

সিলেটযাত্রী মনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচন হলে গাড়ি চলাচল বন্ধ থাকবে কেন? ভোট দিয়ে এসে শ্রমিকরা গাড়ি চালাতে পারেন। যাত্রীদেরকে এভাবে কষ্ট দিয়ে তাদের কি লাভ আমি জানি না। এখন সিলে কিভাবে যাব বুঝতে পারছি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.