Sylhet Today 24 PRINT

সরকার বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড ঘটায় না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২২

সরকার বিচার বহির্ভূত কোন  হত্যাকাণ্ড ঘটায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার চায় না কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক।

এ ধরণের কোনো ঘটনা  ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।

শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এই অনুষ্ঠান শেষে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে  খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে। একইসাথে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির প্রস্তাব সরকারের কাছে রাখা হয়েছে। একইসাথে সিলেটে বেদখল হওয়া পুকুর উদ্ধার করতে প্রকল্প হাতে নেয়া হয়েছে।

সিলেটে মেয়েদের খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। তারপরও এখানের স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালোভালো খেলোয়াড় উঠে আসবেন বলেও জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.