Sylhet Today 24 PRINT

সৌদিতে মাধবপুরের তরুণী নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি: |  ০৯ অক্টোবর, ২০২২

ছবি: সংগৃহীত

সৌদি আরবে নির্যাতনের শিকার তরুণীকে দেশে আনার পর মাধবপুর থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।

নির্যাতিতার বাবা শনিবার রাতে বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন।

রোববার সকালে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় প্রধান আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, ‘এ ঘটনায় মামলা হওয়ার পর এসআই মানিক সাহা চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় রোববার সকালে নরপতি গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করেন।’

মামলার বাদী অভিযোগে বলেন, গত ২৭ সেপ্টেম্বর আবুল কাশেম অন্য আসামিরা মিলে ভালো কাজের প্রলোভন দিয়ে আমার মেয়েকে সৌদি আরবে পাঠায়। সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেয়। এরপর নানাভাবে অত‍্যাচার নির্যাতন চলতে থাকে। সুযোগ বুঝে মেয়েটি ফোনে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফিরিয়ে আনার আকুতি জানায়। এর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়ে দেশে আনার আবেদন করি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সারওয়ার আলম ওই তরুণীকে উদ্ধার করে দেশে পাঠাতে রিয়াদ দূতাবাসের কাউন্সিলরকে (শ্রম) অনুরোধ করেন। শনিবার সকালে দূতাবাস ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টের সহযোগিতায় তরুণীকে দেশে পাঠানো হয়। ওই তরুণী মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আবুল কাশেমকে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা অব‍্যাহত রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.