Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ১৪ অক্টোবর, ২০২২

সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাগলার নোয়াগাঁও গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টিপু মিয়া (৩৫)। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে। এতে আরো ৪জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো জ- ১১-০৫৪৮) দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে স্থানীয় মেম্বার মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়ার মৃত্যু হয়৷ এসময় আরো ৪ থেকে ৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শ মো. সেলিম বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার আত্মীয় স্বজন আসলে আইনি প্রক্রিয়া শেষ করে তার আত্মীয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.