Sylhet Today 24 PRINT

বেতন বৈষম্য দূর করার দাবিতে আইডিইবির মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসকের প্রধান গেইটের সামনে চাকরি (বেতন ভাতাদি) আদেশ-২০১৫ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও চরম বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- ৮ম জাতীয় বেতন স্কেলের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী প্রাথমিক নিযুক্তিতে ১০ম গ্রেডে বেতন পাবেন। তিনি ১০ বছর পূর্তিতে ৯ম এবং ১৬ বছর পূর্তিতে ৮ম গ্রেডে উন্নীত হয়ে ২৩ হাজার টাকা স্কেলে বেতন ভাতাদি পাবেন। পক্ষান্তরে একজন ডিগ্রী ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশলী ক্যাডার এন্ট্রি পদে ৮ম গ্রেডে নিয়োগ লাভ করে পরবর্তী পদোন্নতি পেয়ে সর্বশেষ ৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকার স্কেলে বেতন ভাতাদি পাবেন। ফলে উভয়ের মধ্যে বেতন বৈষম্য দাঁড়ায় ২৭ হাজার টাকা।

এছাড়াও ৯ম ও তদূর্ধ্ব গ্রেডে কর্মরত কর্মচারীদের চাকরি জীবনের ২০ বছরের মধ্যে ৭টি গ্রেড পরিবর্তনের সুযোগ রাখা হলেও ২০তম থেকে ১০তম গ্রেডের কর্মচারীদের চাকরি জীবনের ৩০ বছরে মাত্র ২টি গ্রেড পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। যার মাধ্যমে প্রজাতন্ত্রের ৮০ ভাগ কর্মচারী চরম বৈষম্যের শিকার হয়েছে। ২০তম থেকে ১০তম গ্রেডভুক্ত সকল কর্মচারী ইতিপূর্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পেয়ে অন্তত ৩টি গ্রেড পরিবর্তনের যে সুযোগ পেতেন ৮ম বেতন স্কেলে তা রোহিত করা হয়েছে। ফরে তারা আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন।

স্মারকলিপিতে ৮ম জাতীয় বেতন স্কেলকে কেন্দ্র করে উদ্ভূত সংকট নিরসনে ১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদের প্রারম্ভিক বেতন ক্যাডার এন্ট্রি পদের একধাপ নিচে অর্থাৎ ৯ম গ্রেডে নির্ধারণ করা; ২. বেতন বৈষম্য হ্রাসে ক্যাডার, নন-ক্যাডার এন্ট্রি পদ একই গ্রেডে নির্ধারণ করা; ৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে কর্মরতদের ৪ বছর চাকরি পূর্তেতে ৮ম গ্রেড, ৮ বছর পূর্তিতে ৭ম গ্রেড, ১২ বছর পূর্তিতে ৬ষ্ঠ ও ১৫ বছর পূর্তিতে ৫ম গ্রেড স্কেল প্রদান এবং একই ভাবে ২০তম থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মচারীদের গ্রেড পরিবর্তনের সুযোগ রাখা; ৪. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদোন্নতির বিধান রাখা সহ এস.এস.সি (ভোক) শিক্ষক সহ সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে ৮ম জাতীয় বেতন স্কেলের আওতায় আনা দাবী পেশ করা হয়।

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ইকরাম এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সিলেটের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.