Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছয় যুবকের বিরুদ্ধে মন্দিরে চুরির অভিযোগ

মাধবপুর প্রতিনিধি: |  ১৯ অক্টোবর, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শ্মশান কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা মন্দিরের ফটকের তালা ভেঙে প্রতিমার গলার স্বর্ণের চেইন, দানবাক্স, সোলার প্যানেলের ব্যাটারি, হারমোনিয়াম ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।

বুধবার সকালে পূজারি কালাচান সরকার মন্দিরে গিয়ে বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ছয় যুবককে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

খবর পেয়ে পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আলাউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

পূজারি কালাচান ও গ্রামবাসী জানান, গত মঙ্গলবার পার্শ্ববর্তী গ্রামের ছয় যুবক শ্মশান কালীমন্দিরে গিয়ে গাছ থেকে তেঁতুল পাড়তে শুরু করে। পূজারিসহ কয়েকজন তাদের নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও মারামারির উপক্রম হয়। যাওয়ার সময় যুবকরা দেখে নেওয়ার হুমকি দেন।

তাদের অভিযোগ, ওই যুবকরা জেদের বশবর্তী হয়ে মন্দিরে চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.