সিলেটটুডে ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৫
“সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ১০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’-এর সমাপনী দিনে আজ (২৪ ডিসেম্বর) বিকাল ৩:০০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমীর চিত্রশালায় ‘সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র এবং দর্শক রুচি’ শীর্ষক বিষয়ে “মতবিনিময় সভা ও চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও তরুণ চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন দে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাজেরা আক্তার, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেট শাখার সমন্বয়ক স্থপতি রাজন দাশ, চোখ ফিল্ম সোসাইটি সিলেটের সভাপতি দীপঙ্কর কপিল দে প্রমুখ। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় গাজী রাকায়েত পরিচালিত চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।